নিজস্ব প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সজল সরকারের বিরুদ্ধে ভিজিএফ’র চালের স্লীপ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এতে অর্ধশত পরিবার চাল বঞ্চিত হয়েছে। এঘটনায় চাল বঞ্চিতদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চাল বঞ্চিত একাধিক পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইউপি সদস্যদের স্বাক্ষরিত স্লীপ নিয়ে পরিষদে চাল আনতে গিয়েছিলাম। কিন্তু বিএনপি নেতা সজল সরকার ক্ষমতার দাপট দেখিয়ে নিজে স্বাক্ষর করে তার লোকজনের মধ্যে চাল বিতরণ করেন। এতে আমরা বৈধ স্লীপধারী হয়েও চাল থেকে বঞ্চিত হয়েছি।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ১ হাজার তিনশত নব্বই জন দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণের জন্য পরিষদ থেকে শ্লিপ দেওয়া হয়। গত রোববার থেকে ওই সকল শ্লিপ ধারীদের মাঝে চাল বিতরন শুরু করা হয়। কিছু লোক চাল পায়নি। তবে বুধবার বঞ্চিতদের মধ্যে চাল বিতরণ করা হবে। এবিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব সৌরভ ভট্রাচার্য্য মুখ খুলতে রাজি হননি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সজল সরকার বলেন, আমি পরিষদে যাওয়ার পরে সাধারণ মানুষ আমাকে ঘিরে ভিজিএফ’র চাল পাওয়ার আবেদন করেন। তখন আমি আমার স্বাক্ষরিত কিছু স্লিপ বিতরণ করেছি। তবে তাদেরকে চাল দিতে পরিষদের কাউকে বাধ্য করানো হয়নি।
মাহিলাড়া ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের কাছে এ বিষয়ে জানতে ফোন দিলে তিনি ফোন ধরেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।