স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঈদ-উল-আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষদের কাছে থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত বাস ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থও ফেরত দেয়া হয়েছে।
আজ শুক্রবার (০৬ জুন) সকাল থেকে বিকাল পযর্ন্ত শহরের পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা ও অর্থ ফেরত দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাসেল মুন্সী।
তিনি জানান, ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ৩ টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, ২টি বাসের যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় বাস কর্তৃপক্ষের নিকট থেকে অতিরিক্ত আদায় করা ২৫ হাজার টাকা ফেরত এনে তা যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। #