স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আযহা প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৭ জুন) সকাল সাড়ে ৭টায় ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদ জামাতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজার সাধারন মুসল্লীরা অংশ নেন।
পরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।
এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং ৩য় জামাত সকাল সাড়ে ৮টায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এছাড়া আধা ঘন্টা পরপর সুবিধামত সময়ে জেলার বিভিন্ন মসজিদ ও উপজেলা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, আজকে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত হলো। আমরা কুরবানীর মধ্য দিয়ে মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করেছি যে, এই দেশকে যেন উন্নতি করে একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পরি। আমরা সকলে যেন দেশ প্রেমে উজ্জ্বীবীত হয়ে এই দেশের উন্নতি করতে পারি। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল। #