ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেস ও বাসায় অবস্থানরত সকল শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জমকালো মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দুপুর ২টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের সূচনা হয়। মধ্যাহ্নভোজে দুইটি গরু ও একটি খাসির মাংসের ব্যবস্থা করা হয়েছিল।
এবারের আয়োজনে মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও ছিল বিশেষ বিকল্প খাবারের ব্যবস্থা। নারী শিক্ষার্থীদের জন্য ছিল আলাদা বসার স্থান ও পার্সেল গ্রহণের সুবিধা। অনুষ্ঠানটি প্রচার ও অংশগ্রহণ নিশ্চিত করতে ঈদের দুই দিন আগে থেকেই বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নিজস্ব ফেসবুক পেইজ ও বিভিন্ন গ্রুপে প্রচার চালানো হয় এবং ফ্রি রেজিস্ট্রেশন নেয়া হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা, বরিশালে অবস্থানরত সকল শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দিত। আমরা কর্মচারীদের পরিবারগুলোর কাছেও কুরবানির প্যাকেজ পৌঁছে দিয়েছি। পাশাপাশি, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয় আহত ও অসহায় পরিবারগুলোর কাছেও কুরবানির প্যাকেজ পৌঁছে দেওয়া হয়েছে। এটি আমার জীবনের একটি ব্যতিক্রমী অনুভূতি—স্মরণীয় এক ঈদ। বিশ্ববিদ্যালয় পরিবারের সবার মাঝে এক অসাধারণ ঈদ আনন্দ লক্ষ্য করেছি, যা আমাদেরকে ভবিষ্যতে আরও উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, আগামীতেও প্রতিটি ঈদ আমরা বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে আরও প্রাণবন্তভাবে উদযাপন করব।”