• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি পরিবহনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অতিরিক্ত ভাড়া নেয়া প্রায় ১৫ হাজার টাকা যাত্রীদের ফেরত দেয়া হয়।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর জানান, ঈদের ছুটি শেষে টুঙ্গিপাড়ার ঢাকাগামী বাসের কাউন্টারের লোকজন পাঁচশ টাকার ভাড়া ৬’শ থেকে ৯’শ টাকা করে আদায় করছিলো যাত্রীদের কাছ থেকে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান চালায় যৌথবাহিনী। পরে অভিযোগের সত্যতা পেয়ে বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রীনলাইন, রয়েল ও ওয়েলকাম এক্সপ্রেসকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় অতিরিক্ত ভাড়া বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফিরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

এসময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান, থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল প্রমূখ উপস্থিত ছিলেন। #