• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই প্রতারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ১৬:৩৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে দুই প্রতারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভুয়া সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবীকালে দুই প্রতারককে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ রোববার (১৫ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের তোফেল শরীফের ছেলে হাবিবুর রহমান (৪২) ও টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সুভাষ ঢালীর ছেলে শ্রীবাস ঢালী (৩২)।

আপহৃত ওই ব্যক্তি হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের সোনা মিয়া (৪২)।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, সুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের সোনা মিয়া নামে এক ব্যক্তিকে সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয়ে ‍দিয়ে একটি ইজিবাইকে করে চন্দ্রদিঘলীয়া গ্রামে নিয়ে যায় হাবিবুর রহমান ও শ্রীবাস ঢালী। পরে সোনা মিয়ার ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবী করে টাকা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে এই প্রতারকদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে গোপীনাথপুর পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগী সোনামিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানা মামলা দায়ের করেছেন। #