ভোলা প্রতিনিধি :
ভোলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ক্যারমবোর্ড খেলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম ইসমাইল (২৫)। ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে আজ সোমবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার হাওলাদার বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।
জানা গেছে, গত ৮ জুন বিকেলে শ্যামপুর গ্রামে একটি ক্যারমবোর্ড খেলাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, খেলায় বাঁধা দেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এ সময় তাকে মারধর করে একদল যুবক। ঘটনার প্রতিবাদ করেন ইসমাইল। এতে ক্ষিপ্ত হয়ে মফিজ গংরা ইসমাইলের ওপর চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় ইসমাইলসহ আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ইসমাইলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১০ জুন তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজকের মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, এখন পর্যন্ত ঘটনার মূল হোতা মফিজ ও তার সহযোগীরা গ্রেপ্তার হয়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো.হাচনাইন পারভেজ বলেন, “ঘটনার পর পরই আমরা একটি হত্যা মামলা নিয়েছি। তদন্ত চলছে, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”