সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ও কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে দিনাজপুরে আরাফাত আলী আপেল (৩৯) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিআইডি’র সাইবার ইউনিটের সহায়তার তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ যুবককে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
গ্রেপ্তার করা আরাফাত আলী আপেলের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার সাহাপাড়া গ্রামে।
তার পিতার নাম নুরুল ইসলাম।
কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, আরাফাত আলী আপেলের ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা ও মিথ্যা তথ্য উপস্থাপনের অপরাধ স্বীকার করেন।
তার বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।