বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন পুলিশ সদস্যসহ আরও আটজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।
আর এর মধ্যে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১৩ জন।
১৩ জনই বরিশাল মহানগর পুলিশের সদস্য।
এর মধ্যে একজন নারী কনস্টেবলও (২২) রয়েছেন।
নতুন আক্রান্ত চার পুলিশ সদস্যের মধ্যে তিনজনই কোতওয়ালী মডেল থানায় কর্মরত।
বাকি একজন কর্মরত ছিলেন পুলিশ লাইনে।
সোমবার (১৮ মে) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে নতুন আক্রান্তদের তথ্য জানানো হয়েছে।
মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত (সোমবার রাত) জেলায় ২৮ জন নারী এবং ৬০ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৬৪ জন, ৫০ থেকে তার ঊর্ধে ১৭ জন।
নতুন আক্রান্ত চার পুলিশ সদস্যের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল।
তাদের বয়স যথাক্রমে ৪৫, ৩৩, ৩৩, ২২ বছর।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, নিয়মিত তাদের আসামি ধরতে হচ্ছে।
অপরাধ ঘটলেই ছুটে যেতে হচ্ছে।
রাস্তায় টহল ও তল্লাশিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনেরই দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশ সদস্যদের।
এসব কাজ করতে গিয়ে জেনেশুনেই মানুষের কাছে যেতে হচ্ছে।
কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।
আবার অনেকের ভেতরে করোনা সচেতনতার অভাব রয়েছে।
তারা যেমন সামাজিক দূরত্ব মানছেন না, তেমনি নিজেদের সুরক্ষায় নিয়েও ভাবছেন না।
এসব কারণে পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, গত কয়েক দিনে ১৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।
এছাড়া আক্রান্ত সন্দেহে রোববার ৩০ জনের ও সোমবার ২৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
এসব নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।
আজ মঙ্গলবার কোতওয়ালী মডেল থানার আরও ৪০ জন পুলিশ সদস্যের নমুনা নেয়ার কথা রয়েছে।
এ অবস্থায় আরও অনেক সদস্য আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।