• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে দৈত্যাকৃতি মাহিন্দ্রার বেপরোয়া চলাচল: জনগণের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২০, ১৯:২২ অপরাহ্ণ
বেতাগীতে দৈত্যাকৃতি মাহিন্দ্রার বেপরোয়া চলাচল: জনগণের ভোগান্তি

সৈয়দ নূর-ই আলম,বেতাগী(বরগুনা) প্রতিনিধি:
বেতাগী উপজেলার পৌর শহরসহ গ্রামীন জনপদে শিশু শিক্ষার্থীসহ সাধারন মানুষের সড়কে চলাচল অবৈধ যান মাহিন্দ্রার দাপটে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । শহরসহ গ্রামীণ জনপদের রাস্তা ঘাটের উন্নয়ন করলেও তা এ যানের চাকায় নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা চলাচল ছাড়পত্র কিংবা পারমিট না থাকলেও ছয় চাকার দৈত্যাকৃতির অবৈধ যানের অবাধ চলাচলে সবকিছু অনিরাপদ হয়ে পড়ছে। এ যানের চলাচলে প্রশাসনিক কোন ব্যবস্থা না নেয়ায় বাড়ছে মানুষের ভোগান্তি।
অবৈধ ছয় চাকার দৈত্যাকৃতির যান মাহিন্দ্রার ট্রলিতে ইট-বালুসহ মাত্রারিক্ত বোঝাই করা মালামাল নিয়ে দ্রুত গতিতে চলাচল করায় নানা দুরাবস্থায় পড়েছেন পৌরবাসীসহ উপজেলার গ্রামঞ্চলের সাধারন মানুষ। ইট, বালু, রড, খোঁয়া, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী নিয়ে চলাচল করতে গিয়ে রাস্তাঘাট আটকে রাখা হয়। ঘন্টার পর ঘন্টা ট্রলিতে বহন করা মালামাল লোড-আনলোড করায় রাস্তায় যানসহ মানুষ চলাচল বন্ধ হয়ে থাকছে। অনেক সময় রাস্তায় রাখা হয় আবার এসব নির্মাণ সামগ্রী । দিনদিন পৌরবাসী নির্মাণ সামগ্রী বহনকারী এ অবৈধ যানের কাছে জিম্মি হয়ে পড়েছে।
এমনকি অসংখ্য স্পটে এ যানের চাকা আটকে গিয়ে পানির লাইন পর্যন্ত ফেটে পানির সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এ যানের ধাক্কায় ইতোপুর্বে পৌর শহরসহ গ্রামীণ জনপদে একাধিক ব্যক্তির দূর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। গ্রামীণ সড়কগুলো এ যানের চাকায় ভেঙ্গে একাকার হয়ে গেছে। অবৈধ এই যান চলাচলে চরম বিপাকে পড়েছে বেতাগী পৌর শহর, হোসনাবাদ, মোকামিয়া,বিবিচিনি, চান্দখালী, এলাকার সাধারণ জনগন সহ বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।
তবে এত কিছুর পরও কোনক্রমে অবৈধ এ দৈত্যাকৃতির ছয় চাকার যান চলাচল বন্ধ হয়নি। এসব যান চলাচলের কোন সময় কিংবা নিয়ম কানুন মেনে চলে না। নাগরিকসেবা নিশ্চিতের লক্ষ্যে পৌরবাসী যে কোনমূল্যে ছয় চাকার বিপজ্জনক এই যান পৌর শহরে চলাচল বন্ধের দাবি করেছেন।
বেতাগী পৌরসভার মেয়র এ,বি,এম গোলাম কবির বলেন, সংশ্লিষ্ট ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।