বরিশাল ব্যুরো
বরিশালকে রেড জোন ঘোষণা করা হয়েছিল গত সপ্তাহে। তবে কোন লকডাউনের ঘোষণা আসেনি।
তবে গত বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, শেবাচিম হাসপাতাল, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ভিডিও কনফারেন্সে মিটিং এর পর নগরীর ২টি ওয়ার্ড পরীক্ষামুলকভাবে লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়।
তবে কবে থেকে এই লকডাউন শুরু হবে এবং কত দিন ব্যাপী হবে সেটা সিদ্ধান্ত নেয়া হয়নি।
অবশেষে রোববার বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মঙ্গলবার থেকে ২১ দিন ব্যাপী নগরীর ১২ ও ২৪ নং ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।
তিনি জানান, প্রথমধাপে বরিশাল নগরের ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করা হচ্ছে। পরবর্তিতে অন্য কোন ওয়ার্ড সংযুক্ত করা হবে কি না তা সিদ্ধান্ত নিবেন সিটি মেয়র।
তিনি আরো জানান, গত বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনেরয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সভাপতিত্বে জরুরি সভা করেন।
জুম ভিডিও করফারেন্স প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় যুক্ত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডি.জি.এফ.আই এর বরিশালের পরিচালক কর্ণেল জিএস মোঃ বাকের, শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল ফয়সাল আবেদী হাসান, র্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম-বিপিএম, এন.এস.আই এর বরিশালের যুগ্ম পরিচালক অসিত বরন সরকার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার জি.এম স্বপন কুমার দাস এবং বিআইডবিøউটিএ বরিশালের যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সরকার।
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধ ও সার্বিক পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্যোগে বাংলাদেশ সরকার শর্তসাপেক্ষে দেশের সকল কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে জোন ভিত্তিক নিষেধাজ্ঞা জারি করেছে।
তারই ধারাবাহিকতায় আক্রান্তের সংখ্যার হার বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর দেশের অন্যান্য জায়গার মত বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডের মধ্যে ২৭ টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করেছে।
সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরের ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে এই দুই ওয়ার্ডে লকডাউন শুরু হচ্ছে। ##