• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএলআরসি জামীলের মঠবাড়ীয়া  উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২০, ১২:৪১ অপরাহ্ণ
ডিএলআরসি জামীলের মঠবাড়ীয়া  উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন

সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল  বিভাগের  উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল পিরোজপুর জেলার মঠবাড়ীয়া  উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন। ১২ আগস্ট ২০২০ তারিখ বুধবার পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।

গতকাল সকাল ১০:৩০ টায় প্রথমে তিনি মঠবাড়ীয়া  উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন। এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভুক্তকরণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি একে একে মঠবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস এবং টিকিকাটা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী  অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন।

এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের  প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক  এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।