বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় পাওনা টাকা চাওয়ায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবক তার বন্ধু ধান চালের ব্যবসায়ী রাব্বি ঘরামী সহ দু’জনকে কুপিয়ে জখম করেছে। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এব্যাপারে আহত রাব্বির বড় ভাই রাজু ঘরামী সহ স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার দিদিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মো.রাব্বি ঘরামী (১৯) একই এলাকার তার বন্ধু সাইফুল ইসলামের কাছে পাওনা ১ হাজার টাকা চান। এসময় সাইফুল ইসলাম তার পাওনা টাকা ফেরত দিতে অপরগতা প্রকাশ করে। এনিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথার কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ধারালো অস্ত্রদিয়ে রাব্বিকে কুপিয়ে জখম করে। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা সৌরভকেও সে কুপিয়ে জখম করে। পরে তাদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সাইফুল ঘটনাস্থল থেকে অন্যত্র সটকে পড়ে। এসময় স্থানীয়রা গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সৌরভকে ভর্তি রাখেন এবং রাব্বিকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেণ।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।