• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চিংড়িতে জেলি পুশের অভিযোগে কোম্পানি সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০, ০৮:৫১ পূর্বাহ্ণ
চিংড়িতে জেলি পুশের অভিযোগে কোম্পানি সিলগালা

নগরীর নতুনবাজার লঞ্চঘাট এলাকায় রফতানিযোগ্য চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে ‘মেসার্স কয়রা ফিশ ট্রেডার্স’ নামে একটি কোম্পানিকে সিলগালা করা হয়েছে।

পাশাপাশি ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে জেল ও জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে জব্দকৃত দেড় মণ চিংড়ি মাছ।
খুলনা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নতুনবাজার লঞ্চঘাট এলাকায় এক অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এবং দেবাশীষ বসাকের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুনবাজারে অভিযান চালানো হয়। সহযোগিতা করেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, খুলনা, কোস্টগার্ড ও খুলনা সদর থানা পুলিশ।

এসময় রপ্তানিযোগ্য চিংড়িতে জেলি পুশের দায়ে কারাদণ্ড, জরিমানাসহ কোম্পানি সিলগালা করা হয়। আটক করা হয় পাঁচজনকে। তারা হলেন- নিরব বকুল (৩৮), খোকন মোল্লা (২৩), কামরুল গাজী (৩৭) মো. কাওছার ইসলাম (২৩) ও নাঈমুল হাসান সজীব (২৪)।

রপ্তানিযোগ্য চিংড়িতে জেলি পুশ করার দায়ে আটককৃতদের মধ্যে দুজনকে এক মাসের ও তিনজনকে সাতদিনের কারাদণ্ড এবং একজনের ৩০ হাজার এবং চারজনের ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ঘটনাস্থল থেকে জব্দকৃত দেড় মন চিংড়ি আইনগতভাবে ধ্বংস করা হয়।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, চিংড়ি বাংলাদেশের রফতানি আয়ের অন্যতম উৎস। তাই এ বিষয়ে খুলনা জেলা প্রশাসন জিরো ট্রলারেন্স নীতিতে রয়েছে।