রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে ডিসির বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত থাকা বাবুল হোসেন (২২) নামে এক পুলিশ কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটলেও দুপুরে বিষয়টি জানাজানি হয়।
নিহত পুলিশ কনস্টেবল বাবুল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মকিমপুর ভীনপুর গ্রামের আবুল কাসেম শেখের ছেলে। তার দুই স্ত্রী এবং তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার দিকে পুলিশ কনস্টেবল বাবুল হোসেনকে বিষপান করা অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে স্টমাক (পাকস্থলী) ওয়াশ করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই সময় তাইরান নামে একজন চিকিৎসক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন।
নিহতের প্রথম স্ত্রী তানজিলা জানান, চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি মেয়ে আছে। কয়েক মাস আগে পাংশার সাথী নামে একটি মেয়ের সঙ্গে তার স্বামীর প্রেমের সম্পর্ক হয়। প্রায় ৫-৬ মাস যাবত তাদের সম্পর্কের অবনতি চলছিল। যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন ছিল। দেড় মাস আগে তার স্বামী ওই মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। হঠাৎ রাতে ফোন পান সে বিষপান করেছে। এখন এই শিশু মেয়ে ও তার কী হবে?
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন বলেন, যেহেতু থানায় ইউডি মামলা হয়েছে। সে কারণে পুলিশের তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।