• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেউ দোষ নিচ্ছে না, বাসে আগুন দিল কারা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২০, ০২:২১ পূর্বাহ্ণ
কেউ দোষ নিচ্ছে না, বাসে আগুন দিল কারা?

রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষ দিচ্ছে। কেউ দায় নিচ্ছে না। তাহলে এতগুলো বাসে আগুন দিল কারা? বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজ চিন্তক হিসেবে পরিচিত।

সম্প্রতি রাজধানী ঢাকায় বেশ কয়েকটি বাসে আগুন দেয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক যে বিতর্ক চলছে সে প্রসঙ্গেই মতামত জানতে চাওয়া হয় হাফিজ উদ্দিনের কাছে।

তিনি বলেন, আগুনের রাজনীতি আমরা প্রত্যক্ষ করেছিলাম ২০১৪ সালের নির্বাচনের আগে। শতশত গাড়িতে আগুন। মানুষ মরলো। এমন রাজনীতি কেউ এ অঞ্চলে দেখেনি। গত ক’বছর এমন ভয়াবহ কর্মকাণ্ড নেই। রাজনৈতিক কর্মকাণ্ডও নেই বলা যায়। সবকিছু স্থিতিশীল। এই পরিস্থিতিতে এতগুলো বাসে আগুন! এই ঘটনাকে স্বাভাবিক চোখে দেখার অবকাশ নেই। অবশ্যই পরিকল্পিত এবং অর্থবহ।
হাফিজ উদ্দিন বলেন, বাসে আগুনের ঘটনায় রাজনৈতিক নেতারা যেভাবে একে অপরকে দোষারোপ করছে, তা আরও ভয়ংকর। এতে মূল ঘটনা ধামাচাপা পড়ে যায়। অতীতেও আমরা তাই দেখেছি। নাশকতা বাড়বে এতে।

তিনি বলেন, রাজনীতিতে বাসে আগুনের ঘটনায় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। দোষী হলে অবশ্যই ব্যবস্থা নিক। কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে ফল ভালো হবে না। এ ঘটনায় প্রধানমন্ত্রী সংসদেও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য আমলে মূল ঘটনা বের করা সময়ের দাবি। নইলে সব ঘটনা আঁধারে থেকে গেলে বিপদ আরও বাড়বে।