• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠান থেকে আসার পথে ইউপি চেয়ারম্যানের উপর হামলা: কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০, ১৩:২৯ অপরাহ্ণ
বিয়ের অনুষ্ঠান থেকে আসার পথে ইউপি চেয়ারম্যানের উপর হামলা: কুপিয়ে জখম

সৈয়দ নূর-ই-আলমঃ
বরগুনার বেতাগীতে বিয়ের অনুষ্ঠান থেকে আসার পথে সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিপন জোমাদ্দারকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার পর তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা যায় ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে তার বাম পায়ের হাড় ও ডান পায়ের ও হাতের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজার সংলগ্ন একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ইমাম হাসান শিপন জোমাদ্দার। অনুষ্ঠান শেষে কালিকাবাড়ি বাজারে পৌঁছালে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. তারেক হাসান বলেন, আহত ইউপি চেয়ারম্যানের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় ও ডান পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জখম হয়েছে তার ডান হাত। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার খবর শুনেই আমারা ঘটনাস্থলে গিয়েছি। কারা তার ওপর হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও নির্বাচন কেন্দ্রিক প্রতিপক্ষরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। ইতোমধ্যে সন্দেহ ভাজনদের আটক করার জন্য অভিযান শুরু হয়েছে।