• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ৬ বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২০, ১৭:৩২ অপরাহ্ণ
বরিশাল যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ৬ বহিষ্কার

দলীয় কার্যালয়ে হামলা-ভাংচুর এবং যুবদল নেতাকে পিটিয়ে আহত করার ঘটনায় বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদকসহ ছয় জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরীতে এক বিজ্ঞপ্তিতে ছয় নেতাকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত, সহ-সম্পাদক সহদেব শর্মা ও আল-আমিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু এবং প্রচার সম্পাদক বশির আহমেদ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মহানগর যুবদলের সাধারণ সম্পাদকসহ ওই ছয় নেতাকে বহিস্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, ‘যুবদলের কেন্দ্রীয় নেতাদের সফরকে কেন্দ্র করে শুক্রবার রাত ৯টার দিকে সদর রোডস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা করে জেলা ও মহানগর যুবদল।

সভায় আক্রোশমূলক বক্তব্য উপস্থাপন করাকে কেন্দ্র করে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের মধ্যে কথা কাটাকাটি হয়।

এসময় মাসুদ হাসান মামুন এর অনুসারী জাহানের ওপর হামলা এবং দলীয় কার্যালয়ের অভ্যন্তরে চেয়ার ভাংচুর করে। এক পর্যায় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন যুবদলের সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।

ঘটনাটি কেন্দ্রীয় সংসদকে জানানো হলে তারা অভিযুক্ত মাসুদ হাসান মামুন এবং তার পাঁচ অনুসারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ওই ছয় জনকে যুবদল থেকে বহিস্কার করা হয়েছে।