বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার লক্ষে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক মিন্টু তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। রোববার সকাল ১০টায় তিনি বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে এ পদত্যাগপত্র জমা দেন। এসময় তার সাথে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন সরদারসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি পৌর শহরের প্রধান সড়ক ও বন্দর বাজারে শোডাউন করেন। এসময় জিয়াউল হক মিন্টু তার থানা সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথ সভায় বলেন, তিনি ছাত্র জীবন থেকে বিরোধী দলীয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজ পথে আওয়ামী লীগের সঙ্গে থেকে কাজ করেছেন। ফলে আওয়ামী লীগও তাকে সলিয়াবাকপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ দিয়েছেন। এবারে তিনি সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ ছেড়ে বানারীপাড়া পৌর সভায় মেয়র পদে প্রার্থী হতে চান। পরে তিনি পৌর শহরের থানা সড়কে গণসংযোগ করেন।
এসময় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাহফুজুল হক মাসুম সহ তার সমর্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক মিন্টু স্বেচ্ছায় তার পদ থেকে পদত্যা করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা জানান, আমি সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’র পদত্যাগ পত্র গ্রহণ করেছি। নিয়ম অনুযায়ী সেটি ওই দিন থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লীষ্ট দপ্তরসহ নির্বাচন কমিশনকে জানিয়ে দিবেন বলেও তিনি জানান।