স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান
সাগরকে দেয়া নৌকা প্রতীক বাতিলের প্রতিবাদে টায়ার
জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন
স্থানীয় আওয়ামী লীগের সমর্থক ও বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল
১১ টার দিকে আলীপুরা ইউনিয়নের স্লুইজ বাজার এলাকায়
বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, তৃণমূল আওয়ামী লীগের কাউন্সিলদের
ভোটে নির্বাচিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সাবেক
সদস্য আতিকুর রহমান সাগরকে শনিবার কেন্দ্রীয় কার্যালয়
থেকে নৌকা প্রতীকের জন্য তার নাম ঘোষণা করা হয়। পরে
বিভিন্ন মহলের ষড়যন্ত্রে সোমবার তার নাম বাদ দিয়ে উপজেলা
যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমানের নাম নৌকা
প্রতীকের জন্য ঘোষণা দেয়া হয়। এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন প্রথমে
নৌকা প্রতীকের জন্য মনোনীত প্রার্থী আতিকুর রহমান
সাগরের সমর্থকরা। তারা মিজানুর রহমানের নাম বাদ দিয়ে
পূণরায় আতিকুর রহমান সাগরকে নৌকা প্রতীকে মনোনয়ন
দেয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে জোর দাবি জানান।
আওয়ামী লীগের সমর্থক ও বিক্ষুব্ধ জনতা অভিযোগ করে বলেন,
সোমবার ষড়যন্ত্র করে নৌকার জন্য যার নাম ঘোষণা করা হয়েছে
এলাকায় তার কোন জনসমর্থন নেই। আতিকুর রহমান সাগরকে
নৌকা না দেয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুশিয়ারি দেন তারা। #