• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭২৮ব‍্যাগ আইভি স‍্যালাইন দিলেন নলছিটি পৌরসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ণ
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭২৮ব‍্যাগ আইভি স‍্যালাইন দিলেন নলছিটি পৌরসভা

নলছিটি প্রতিনিধি:: বিগত কয়েকদিন ধরেই নলছিটিতে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। হসপিটালে ধারন ক্ষমতার দ্বিগুণের বেশি রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কর্মীরা। পাশাপাশি দেখা দিয়েছে আইভি স্যালাইনের চরম সংকট। স্যালাইন সংকটের বিষয়টি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুনিবুর রহমান জুয়েল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং পৌরসভার মেয়রকে অবহিত করেছেন।

আজ (১৮ এপ্রিল) রবিবার সকালে পৌরসভার পক্ষ থেকে ৭২৮ প্যাক আইভি স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুনিবুর রহমান জুয়েল’র হাতে তুলে দেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান।

পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান জানান, গতকাল ডায়রিয়ায় আক্রান্তের খবর শোনার পরেই তিনি উদ্যোগ নিয়েছেন এবং আজ পৌরসভার পক্ষ থেকে ৭২৮প্যাক আইভি স্যালাইনের ব্যাবস্থা করা হয়েছে। মানুষের পাশে থাকার জন্য যা কিছু দরকার পৌরসভার পক্ষ থেকে সাধ্যমত করা হবে।

আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুনিবুর রহমান জুয়েল সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরেই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে দেখা দেয় চরম স্যালাইন সংকট। পাশাপাশি স্বাস্থ্য কর্মীরা ধারন ক্ষমতার দ্বিগুণের বেশী রোগী ভর্তি হওয়ার কারনে সেবা দিতে দিশেহারা হয়ে পড়েছেন। এই মুহূর্তে স্যালাইনের সাথে সব থেকে জরুরি দরকার একদল সেচ্ছাসেবক। যারা অন্তত রোগীদের স্যালাইন খোলা সহ সাধারণ কাজে স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করতে পারবেন।

ঝালকাঠির সিভিল সার্জনের সাথে কথা হলে তিনি জানান, স্যালাইন সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে।

নলছিটির উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।

ডায়রিয়া আক্রান্ত রোগীদের সেবা প্রদানের জন্য সেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূধীজন।

এছাড়াও নলছিটির বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কাজী আলমগীর নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ব‍্যাগ আইভি স‍্যালাইন দেয়ার ঘোষনা দিয়েছেন, দুই একদিনের মধ্যেইহাসপাতালে হস্তান্তর করা হবে বলে তিনি জানান ।