• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী সদর উপজেলার ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি:

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ণ
পটুয়াখালী সদর উপজেলার ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি:

ডেস্ক রিপোর্ট

সামাজিক সুরক্ষা  ও স্বাস্থ্যবিধি মেনে বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি)   তরফদার মোঃ আক্তার জামীল পটুয়াখালী জেলার সদর উপজেলার  তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন।  ২৫ মে ২০২১ তারিখ মঙ্গলবার তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন। বেলা ১১:০০ টায় প্রথমে তিনি পটুয়াখালী সদর  উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি ই-নামজারি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দেন। এছাড়া মঞ্জুরকৃত নামজারির ডিসিআর ধরে না রাখা এবং যথাসময়ে তা আর্কাইভ করার পরামর্শ দেন। এছাড়া হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ, চান্দিনা ভিটি  ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইসসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ ও অডিট আপত্তির জবাব যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

এরপর তিনি একে একে মরিচবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং ভুরিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর নিমিত্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারের  ডাটা সঠিকভাবে এন্ট্রি প্রদানের নির্দেশনা দেন। এছাড়া ভূমি মালিকগণ যাতে স্ব-উদ্যোগে ওয়েবসাইটের নাগরিক কর্ণারে যেয়ে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে নিজেদের তথ্য প্রদান করে সে বিষয়ে ব্যাপক প্রচারণার আহবান জানান।

এছাড়া ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে পটুয়াখালী সদর উপজেলার  সহকারী কমিশনার (ভূমি ) মোঃ শাহীন মাহমুদ এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।