• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে কটুক্তি : ববিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুকে কটুক্তি : ববিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জিএম ইকবাল মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু ও তাঁর পরিবার নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তে আজ বৃহস্পতিবার তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গণিত বিভাগের শিক্ষক ড.বিজন কৃষ্ণ সাহাকে প্রধান করে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটি আগামী দশ (১০) কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করবে৷

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.সুব্রত কুমার দাস জানান, অভিযোগ প্রদানকালে সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে প্রাথমিক কিছু তথ্য প্রমাণ জমা দিয়েছিল। তদন্ত কমিটি সেগুলো নিয়ে কাজ করবে। একইসাথে অভিযুক্ত শিক্ষার্থীর কথাও শুনবে।সব বিষয়ে পরিষ্কার হবার পর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবার সুপারিশ করবে।

অভিযোগের ব্যাপারে কথা বলতে জিএম ইকবাল মাহমুদের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সাড়া দেন নি।তবে গত ২৩ মে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে স্ট্যাটাস পোস্ট করে বিষয়টিকে ‘শব্দ ব্যবহারে অসচেতনতা’ জনিত ভুল বলে উল্লেখ করেন তিনি ।

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষার্থী প্রতিষ্ঠানটির অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ সেশনের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। গত মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয় তাঁর বিরুদ্ধে। #