• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২১, ১৭:৫৮ অপরাহ্ণ
ভোলায় প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি।।

ভোলায় প্রয়াত সাংবাদিক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে তার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আফসার উদ্দিন বাবুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সহসভাপতি জুন্নু রায়হান, জনকণ্ঠ ও মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমান, সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দীন লিটন, একাত্তর টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, যুগান্তরের স্টাফ রিপোর্টার ও জি-টিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন, এটিএন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিক উল্লাহ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, ঢাকা টাইমস প্রতিনিধি ইকরামুল আলম, মানব কণ্ঠ প্রতিনিধি আনোয়ার সুজন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, অধক্ষ আফসার উদ্দিন বাবুল ছিলেন একাধারে একজন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও শিল্পী। তার কর্মময় জীবনে তিনি একজন সফল শিক্ষক ছিলেন। একই সাথে তিনি প্রতিভাবান গুনী শিল্পী ছিলেন। এছাড়াও তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথিতযশা সাংদিক ছিলেন, একই সাথে রাজনৈতিক অঙ্গনেও তার পদচারনা। এক কথায় তিনি বহুগুনে গুণান্বিত ছিলেন। তার চলে যাওয়ায় ভোলার মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মতো গুনী মানুষ সচরাচর চোখে পড়ে না। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোচনা শেষে প্রয়াত আফসার উদ্দিন বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ইকরামুল আলম।