• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহান তুষ্টির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২১, ০৭:২০ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহান তুষ্টির মরদেহ উদ্ধার

রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান তুষ্টিকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তুষ্টির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

প্রক্টর বলেন, ‘আজ রোববার সকালে আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে আমাদের একজন ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সকালে তাঁর রুমের দরজা খোলা পাওয়ার পর বাথরুমের দরজা বন্ধ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দরজা কেটে তাঁকে বের করে। আমরা মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছি, মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি।’

ইংরেজি বিভাগে অধ্যয়নরত তুষ্টির এক বন্ধু জানান, ইসরাত জাহান আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট-২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি কক্ষে থাকতেন।

ইসরাত জাহান তুষ্টির বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়।

ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে থাকতেন। হল বন্ধ থাকায় তিনি আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন।