স্টাফ রিপোর্টার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভনের বিরুদ্ধে এবার জাতীয় একটি প্রতিযোগীতার অ্যাওয়ার্ড প্রাপ্তি নিয়ে মিথ্যা তথ্য ছড়াবার অভিযোগ উঠেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের অন্য একটি সামাজিক সংগঠন থেকে ক্রেস্ট প্রাপ্তি নিয়ে মিথ্যাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
গত ৬ জুন একটি জাতীয় পত্রিকায় ‘ববি শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল জালিয়াতির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি সকলের সামনে আসে এবং একে একে সকলে মুখ খুলতে শুরু করে। এছাড়া তার বিরুদ্ধে গভীর রাতে শিক্ষার্থীর মেসে হামলা চেষ্টার মতো গুরুতর ঘটনার একটি অভিযোগ বিশ্ববিদ্যালয়ে বিচারাধীন অবস্থায় রয়েছে।
ওই শিক্ষার্থী সবসময় নিজেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ প্রাপ্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি দাবি করলেও বাস্তবে ওই সংগঠন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পায়নি। বর্তমানেও তিনি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত বলে সর্বমহলে প্রচার করলেও সেটি ঠিক নয় বলে জানা গেছে।
গতবছর (২০২০) ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ এর বিজয়ী হিসেবে ৩০টি সংগঠনের নাম ঘোষণা করে যেখানে ঐ শিক্ষার্থীর সংগঠন জাগ্রত তারুণ্যের নাম নেই। এছাড়া অ্যাওয়ার্ড প্রাপ্তির ক্ষেত্রে তিনি যে সকল কর্মকাণ্ডের ছবি দিয়েছেন তা নিয়েও আছে ধোঁয়াশা।
এর আগে গত ১৬ নভেম্বর ২০২০ তারিখ ইয়াং বাংলা কর্তৃক প্রায় ৬০০টি আবেদনকারী সংগঠন থেকে ৪৭ জন ফাইনালিস্টের সংগঠনের নাম ঘোষণা করে এবং সেখান থেকেই পরবর্তীতে বিভিন্ন ক্যাটাগরি ও সাব ক্যাটাগরিতে ৩০টি সংগঠন কে বিজয়ী ঘোষণা করা হয়। ফাইনালিস্টের তালিকায় ৪৪ তম অবস্থানে ছিলো জাগ্রত তারুণ্য। ফলে তিনি বিজয়ীদের নাম ঘোষণার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান। সেই ছবি ব্যবহার করে ঐ শিক্ষার্থী সর্বমহলে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত বলে প্রচার করছেন।
এ বিষয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, ‘প্রতিযোগিতার প্রথম ৫০ জনের মধ্যে থাকলেই যে অ্যাওয়ার্ড প্রাপ্ত সেটা বলা যাবে না। তবে তারা কোনো না কোনোভাবে ইয়াং বাংলার সঙ্গে যুক্ত। এ কারণে বিভিন্ন সময় অনুষ্ঠানে ডাকা হয়।তবে তার মানে এই না যে তারা অ্যাওয়ার্ডপ্রাপ্ত। যদি ফাইনালে অংশগ্রহণ করে বিজয়ী না হয়েও কেউ দাবি করে থাকে সে অ্যাওয়ার্ড পেয়েছে তবে সেটা অবশ্যই ভুল।’
এ বিষয়ে বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট (প্রতীকী যুব সংসদ) প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন মো. আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা) জানান,জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এর জন্য ২০২০ সালে ৩০টি সংগঠনকে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী করে এবং ৪৭টি সংগঠনকে অ্যাওয়ার্ডের জন্য টপ ফাইনালিস্ট নির্বাচিত করা হয়। জাগ্রত তারুণ্য টপ ফাইনালিস্ট এ ৪৪ নম্বরে ছিল।
তিনি বলেন,’ জাগ্রত তারুণ্যকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে অংশ নিতে আমি সব ধরনের পরামর্শ দিয়েছিলাম। তাদের যে কোন ইতিবাচক কাজে আমরা অবশ্যই খুশি। কিন্তু তাই বলে তারা নেতিবাচক কোনো কাজের সাথে যুক্ত হলে আমরা যারা যুব সংগঠন করি তারা কেউ সাপোর্ট করবো না’।
এ বিষয়ে অভিযুক্ত শাহবাজ মিঞা শোভনের সাথে কথা হলে তিনি বলেন,আমি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছি। এটি নিয়ে বিভ্রান্তি ছড়াবার কিছু নেই। একটি কুচক্রী মহল আমার ব্যাপারে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ##