গৌরনদী প্রতিনিধি ॥ রাজধানী ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকায় নির্মম হত্যাকান্ডের স্বীকার বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র নাজমুল হোসেন (১৭) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গৌরনদী মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ডে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিহত নাজমুলের সহপাঠী মুসফিকুর রহমান, হাফিজুর রহমান আরাফাতসহ অন্যান্য শিক্ষার্থীরা। এসময় স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গত শুক্রবার সকালে সাভার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকা থেকে মেধাবী ছাত্র নাজমুল হোসেন ও তার খালাতো ভাই সাভার হেমায়েতপুর আল-নাসির ল্যাবরেটরী স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোঃ রায়হান (১৮) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন পুলিশ।