মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জে আগামী ৭ আগস্ট থেকে ৬টি ইউনিয়নে ১৮ টি কেন্দ্রে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকা দেওয়া হবে।
এ উপলক্ষ্যে গত ২ ও ৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জন টিকাদান কর্মীকে প্রশিক্ষণ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আগামী ৭ থেকে ১০ আগস্ট ৪দিন উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মোট ৩টি কেন্দ্রে ৯টি বুথ স্থাপন করে করোনার টিকা দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে প্রতিদিন একটি করে কেন্দ্রে ৩টি বুথে ২শ করে ৬শ টিকা প্রদান করা হবে। এভাবে প্রতিটি ইউনিয়নে তিনদিনে ১ হাজার ৮শত ডোজ টিকা প্রদান করা হবে। প্রতিটি বুথে ২জন টিকাদান কর্মী ও ৩জন স্বেচ্ছাসেবক কাজ করবে। ১৮ বছর থেকে শুরু করে এর উপরে সববয়সী মানুষ এনআইডি দেখিয়ে টিকা নিতে পারবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪ টি বুথে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৬ জন টিকাদান কর্মীসহ ৫৪ জন স্বেচ্ছাসেবক প্রতিদিন কাজ করবে। ইউনিয়ন পর্যায়ে চীন থেকে দেওয়া সিনােফার্মার ১০ হাজার ৮শ ডােজ টিকা প্রদান করা হবে এনআইডির মাধ্যমে। স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি উপজেলা পরিষদ ও প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিকাদান কার্যক্রমে সহায়তা প্রদান করবে বলে জানান তিনি।