• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ২২ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২১, ১৩:১৬ অপরাহ্ণ
মির্জাগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ২২ জন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা সংক্রমনে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় (৫ আগস্ট) আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তি হলেন, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মোঃ শাহেদ আলীর স্ত্রী মোসাঃ হালিমা বেগম (৬০)। গতকাল বৃহঃবার বিকাল ৩ টা ৪০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে অনেকটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে উপজেলাবাসী।

এছাড়াও ওইদিন নতুন করে আরও ৩১ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে বর্তমানে ১৮৪ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকি ১৭৮ জন নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত উপজেলায় মোট ১১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৭৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৮৬ জন।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মির্জাগঞ্জে করোনা রোগীর সংখ্যা পূর্বের তুলনায় আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গতকাল হালিমা বেগম (৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ওইদিনই তাকে তার স্বজনরা জ্বর-কাশি সহ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা টেস্ট করতে বলেন। এতে তার রিপোর্ট পজিটিভ এলে এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে দুপুর ১ টায় ভর্তি করা হয়। পরে বিকাল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়াও ৩১ জন রোগীর নমুনা সংগ্রহ করে রেপিড এন্টিজেন পরীক্ষার মাধ্যমে ২২ জনের করোনা পজেটিভ হয়।

তিনি সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থাকা, সকল প্রকার স্বাস্থ্যবিধি মানা ও সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।