• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড অভিনেতা অনুপম শ্যাম আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২১, ১০:৪০ পূর্বাহ্ণ
বলিউড অভিনেতা অনুপম শ্যাম আর নেই

বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষিয়ান অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন। রোববার (৮ই আগস্ট) রাত ৮টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিল তার। সপ্তাহখানেক আগে হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা।

তার পরিবারের সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তারা। অনুপম শ্যামের অসুস্থতা ও আর্থিক সমস্যার কথা জানতে পারেন বলিউড তারকা সোনু সুদ। তিনি এগিয়ে আসেন, সহযোগিতা করেন। এছাড়া মুম্বাইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরাও সহযোগিতা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে।

অনুপম শ্যাম মূলত ভারতীয় টেলিভিশনে কাজ করে পরিচিতি পান। তবে ক্যারিয়ারে তিনি বেশ কিছু কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাগান’, ‘শ্যাম দস্তক’, ‘নায়ক’, ‘শক্তি’ ইত্যাদি। তাকে বেশিরভাগ সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছে।