প্রতিনিধি, উজিরপুর(বরিশাল): বরিশালের উজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবন নির্মানের কাজে স্থানীয় প্রভাবশালীদের বাঁধার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১১ টায় ১১২ নং পশ্চিম জয়শ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনতলা বিশিষ্ট ভবন নির্মানের কাজ ঠিকাদার মাইনুল ইসলাম শুরু করলে ওই এলাকার প্রভাবশালী মোজহার খান, মোতালেব খান, ইমরান খান, আজিজ সরদারসহ ১০/১৫ জন মিলে কাজে বাঁধা প্রদান করে। বাঁধা ও হুমকির মুখে ঠিকাদার লোকজন নিয়ে চলে যায়। স্থানীয় সূত্রে জানাযায়, শিকারপুর ইউনিয়নের মৃত আব্দুস ছত্তার হাওলাদার ৮৩ নং জয়শ্রী মৌজায় ২২৪, ২২৫, ২২২ নং দাগে ৩৭.৫০ শতাংশ জমি দান করে স্কুলের নামে দলিল করে দেয়। ওই জমিতে একতলা ভবন করে শিক্ষার কার্যক্রম চালিয়ে আসছিল। কিছুদিন পূর্বে স্থানীয় প্রভাবশালী মোজহার গংদের সাথে বিরোধ চলে আসছিল স্কুল কর্তৃপক্ষের। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস উভয়পক্ষকে নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে সার্ভেয়ার দিয়ে মাপিয়ে স্কুলের ভবন নির্মানের জন্য জায়গা নির্ধারন করে দিয়েছিল৷ সেই জমিতে স্কুলের ভবন নির্মান করতে গেলে পুনরায় ওই প্রভাবশালীরা বাঁধা দেয়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত মোজহার খান ও ইমরান খান জানান, আমাদের ভোগ দখলিয় জমিতে গাছপালা কেটে ক্ষমতার দাপটে স্কুল কর্তৃপক্ষ ভবন নির্মান করছে বিধায় ভাবন উঠাতে নিষেধ করেছি। প্রধান শিক্ষক শাহজাহান শরীফ জানান, দলিলকৃত স্কুলের সম্পত্তিতে ভবন নির্মান করায় কতিপয় ভূমিদস্যুরা স্কুলের জায়গা দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন তারা জানান, স্থানীয় একটি মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্যই মূলত তারা স্কুলের ভবন নির্মানে বাঁধা দিচ্ছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, সরকারি স্কুল নির্মানের কাজে বাঁধা দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা প্রাথমিক অধিদপ্তরের কর্মকর্তা তাসলিমা বেগমকে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানান, আমি বিষয়টি শুনেছি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত সমধানের ব্যবস্থা করছি।