বাবুগঞ্জ উপজেলার রমজান কাঠি এলাকায় আ’লীগ নেতাকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বৃহস্পতিবার বিকেল চারটায় উজিরপুর থানার ভরসা কাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম আলমগীর তালুকদার। সে ওই এলাকার মৃত আবদুল হক তালুকদারের ছেলে এবং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক।
বর্তমানে আলমগীর গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের ভাই সান্টু তালুকদার জানান, গত ইউপি নির্বাচনে সহিংসতার জের ধরে আলমগীর তালুকদারের সাথে প্রতিপক্ষ আমির মোল্লার ছেলে মনির মোল্লা ও তার সহযোগীদের সাথে বিরোধ চলে আসছে।
প্রায় সময় আমির মোল্লা ও তার সহযোগীরা তুচ্ছ বিষয় নিয়ে আলমগীর ও তার পরিবারকে বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়ে আসছে।
ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে আলমগীর শিকারপুরের পাট বিক্রি করতে যায়।
বিক্রি শেষে বাড়ি ফেরার পথে আলমগীরকে অতর্কিতভাবে পিস্তল ঠেকিয়ে পথরোধ করেন আমির মোল্লা সহ তাদের সহযোগীরা।
একপর্যায়ে আমির মোল্লা ও তাদের সহযোগী জামাল খা, মিলন মোল্লা, আফজাল মোল্লা, সিরাজুল মোল্লা, সহ১৫-২০জন সহযোগী হত্যার চেষ্টায় আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।
অভিযোগ রয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান হিমু খানের বিরুদ্ধে। তার নেতৃত্বে এই হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আহত আলমগীর।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।