• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নৃতাত্ত্বিক বেদে জনগোষ্ঠীর সাথে জীবন সংলাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ০৮:৫৮ পূর্বাহ্ণ
বরিশালে নৃতাত্ত্বিক বেদে জনগোষ্ঠীর সাথে জীবন সংলাপ

বরিশাল ব্যুরো
সৃষ্টি কাল উৎযাপন উপলক্ষ্যে মাস ব্যপি কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সাধু পিতরের ক্যাথিড্রাল ধর্মপল্লীর বিসিএসএম ইউনিটের সাথে বরিশাল সন্ধ্যা নদীর তীরে বসবাসরত নৃতাত্ত্বিক বেদে জনগোষ্ঠীর জীবন সংলাপ অনুষ্ঠিত হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল কাথলিক চার্চের ফাদার লরেন্স লেকাভালী গোমেজ, ইউনিট প্রতিনিধি মিস্ সেবাষ্টিনা শাওলী বাড়ৈসহ অন্যান্য সদস্যরা। সংলাপে বেদেরা বর্তমান পরিস্থিতে তাদের জীবন ধারন, সমাজের কাছে আশা-প্রত্যাশা ও জীবন সংগ্রামের কথা তুলে ধরেন।

বেদেরা বলেন, আমাদের স্থায়ী বাসস্থান না থাকায় রাস্তার পাশেই ভাসমান ভাবে জীবন যাপন করছি। ভাসমান ভাবে থাকার কারণে তেমন কোনো সাহায্য আসে না। আমরা সিঙ্গা টেনে, দাঁতের পোকা তুলে আর ভিক্ষা করে সংসার চালাই।

সালেহা বেগম বলেন, আমরা একবেলা খেয়ে সারাদিন কাটাই। করোনার মধ্যে অনেক দিন না খেয়ে ছিলাম। আগের মতো এখন নূন্যতম রোজগারটুকুও নেই, এমনকি ভিক্ষাও পাইনা। ইচ্ছা থাকলেও অভাবের কারণে সন্তানদের পড়াশুনাও করাতে পারি না।

পড়াশুনার কথা জানতে চাইলে কিশোরী জান্নাত বলেন, আমরা ঠিক মতো খেতে পাই না, পড়াশুনা কিভাবে করব। এই অসহায় অবস্থা থেকে উত্তরনের জন্য বেদেরা সমাজের কাছে সহায়তা কামনা করেন।