• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১, ০৭:০০ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার

বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আ. রাজ্জাক মাস্টার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আ. মান্নান মৃধাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধার বিপক্ষে অবস্থান নিয়ে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে যাওয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বর্ধিতসভায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ওই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিলের সুপারিশ করে ইউনিয়ন আওয়ামী লীগ রেজুলেশন আকারে উপজেলা আওয়ামী লীগ ও জেলা-কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছিল।

শুক্রবার দলীয় কার্যালয়ে সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিতসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক আহ্বায়ক আ. রাজ্জাক মাস্টার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ. মান্নান মৃধাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগদলীয় নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী আ. রাজ্জাক মাস্টারের আনারস প্রতীকের পক্ষে নির্বাচন পরিচালনা করার অভিযোগ আনা হয়।

শনিবার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা জানান, জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিদ্রোহী প্রার্থী আ. রাজ্জাক মাস্টার ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ. মান্নান মৃধাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।