বরিশাল ব্যুরো
কাল বৃহস্পতিবার বরিশালের ১২ ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ৩ উপজেলায় এই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে বরিশাল সদর উপজেলার ৬ ইউনিয়ন, বানারীপাড়া উপজেলার একটি এবং আগৈলঝাড়া উপজেলার ৫ ইউনিয়ন রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ভোটের রাজনীতি। যদিও আগৈলঝাড়া উপজেলার ৫ ইউনিয়ন রাজিহার, বাকাল, বাগধা, গৈলা, রত্নপুরে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে এই ৫ ইউনিয়নে শুধু মাত্র ইউপি সদস্যদের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে বানারীপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সমর্থন করায় সেখানকার বর্তমান চেয়ারম্যান ও সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ. মান্নান মৃধা ও সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আ. রাজ্জাক মাস্টারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা জানান, জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিদ্রোহী প্রার্থী আ. রাজ্জাক মাস্টার ও আ. মান্নান মৃধাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে বরিশাল সদর উপজেলার ৬ ইউপিতে প্রায় প্রতিদিনই চলছে হামলা মামলার ঘটনা। বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য এবং সংরক্ষিত আসনের বিপরীতে মোট ৫৭৫ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন। নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। তিনি জানান, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেলার কোন ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে না বলে নির্দেশনা রয়েছে।
বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছি আমরা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবেন। কোনো রকম অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি ভোটারদের সবরকম নিরাপত্তা দেবে পুলিশ বলে জানান তিনি। ##