প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী):
পটুয়াখালীর মির্জাগঞ্জে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনস্থ সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে গতকাল সোমবার বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের (বিষয় কোড-১৫৩) ভুল কোডের প্রশ্নপত্র সরবরাহ করায় এবং একই বিষয়ে দুইবার পরীক্ষা নেয়ায় ওই কেন্দ্রের কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়ে ওই কেন্দ্রের আহবায়ককে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
গত সোমবার পটুয়াখালীর মির্জাগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে নির্ধারিত সেটকোড-০৩ এর পরিবর্তে সেটকোড-০১ এর প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা শুরু করেন কেন্দ্রসচিব। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে পুনরায় নির্ধারিত সেট কোড-০৩ এ পরীক্ষা নেয়া হয়। কেন্দ্র কর্তৃপক্ষের ভুলে একই বিষয়ে একই দিন দুইবার পরীক্ষা দেয় ২৯১জন পরীক্ষার্থী। এতে পরীক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে। ফলে পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।
এ বিষয়ে ‘রিপোর্ট একাত্তর ডটকম’ নিউজ পোর্টালে সংবাদটি প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই কেন্দ্রের কেন্দ্র সচিব সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলকে মঙ্গলবার (১৬ নভেম্বর) তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে উত্তর আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক কে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়।
মির্জাগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌস জানান, মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি র’ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি কেন্দ্রে নির্ধারিত কোডের পরিবর্তে ভুল কোডে পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিব আব্দুল জলিলকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রের আহবায়ক প্রধান শিক্ষক মো. আব্দুল মালেককে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানাযায়, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে মির্জাগঞ্জে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় ২ হাজার ২১২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ ছাড়া সমমানের দাখিল পরীক্ষায় ৫১৮ জন এবং ভোকেশনাল থেকে ২২৪ জন পরীক্ষার্থী রয়েছে।