মানিকগঞ্জে শিশুরা গাছের চারা হাতে নিয়ে নৈতিকতার শপথ নিলো।
রবিবার (২১ নভেম্বর) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে শিশুদের গাছের চারা উপহার দিয়ে নৈতিকতার শপথ করানো হয়।
সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশুদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। পরে শিক্ষার্থীরা নৈতিকতা, দেশপ্রেম, সত্যবাদিতাকে সবুজ কার্ড ও সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করেন।
এসময় সংগঠনের মানিকগঞ্জ শাখার সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জিনাত রেহেনা, সংগঠনের সাভার শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নারী নেত্রী দিতি আক্তার, সদস্য মোহসিন নাহিদ প্রমুখ।
সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিভিন্ন রাস্তায় পথচারীদের গাছের চারা উপহার ও বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ টিফিনের টাকায় প্রতিবছর এক লাখ গাছের চারা রোপণ করে থাকে। এবছর দেশের ৫১ টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমী হিসেবে গড়ে তুলতেই বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিয়ে এভাবে শপথ করানো হয়।