• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সব গণপরিবহণে অর্ধেক ভাড়া আদায়ের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২১, ০৮:০১ পূর্বাহ্ণ
সব গণপরিবহণে অর্ধেক ভাড়া আদায়ের দাবি

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হত্যার বিচার, নিরাপদ সড়ক ও সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া আদায়ের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শুক্রবার সকাল ১০টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার উদ্যোগে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক সাগর দাসের সভাপতিত্বে ও সংগঠক লামিয়া সাইমুনের সঞ্চালনায় বক্তব্য দেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি হাফিজুল রাকিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, বরিশাল মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম।

বক্তারা বলেন, নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হত্যার বিচার দ্রুত করতে হবে। এছাড়া দেশব্যাপী নিরাপদ সড়ক বাস্তবায়ন, জ্বালানি তেলের দাম কমানো ও ছাত্র নির্যাতন শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বর্ধিত বাসভাড়া প্রত্যহারের পাশাপাশি সব গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আদায়ের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন; যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।
সূএঃযুগান্তর