• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২১, ১৬:৫৯ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। করোনাকালীন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা রক্ষায় এবং সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

আরও বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের যে ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে নেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।