• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে সাবেক ও নব নির্বাচিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২১, ১২:১৮ অপরাহ্ণ
মুকসুদপুরে সাবেক ও নব নির্বাচিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

স্টাফ গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত: ১৫ জন আহত হয়েছে।

আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ তিনজনকে রাজৈর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবু বকর মিয়া জানান, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রনি আহম্মেদ তার সমর্থকদের নিয়ে পার্শ্ববর্তী জলিরপাড় বাজারে আসছিলেন। এসময় একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের নাতি
সাগর রহমানের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের অন্তত: ১৫ আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। এলাকা এখন শান্ত রয়েছে।তবে এথন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি।

মারাত্মক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান (৬০) ও তার ভাগিনী রাজিয়াকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুদ্দুস মোল্যাকে (৪২) ফরিদপুর মেজিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ভাই বাচ্চু শেখ জানান, নবনির্বাচিত রনি আহম্মেদ ও তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের লোকজনের উপর হামলা করেছে। আমরা এর বিচার চাই।

নব নির্বাচিত চেয়ারম্যান রনি আহম্মেদ মুঠোফোনে জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমার লোকজনের উপর সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন হামলা করেছে। এ হামলায় আমাদের সমর্থক মেহেদী হাসান ও কুদ্দুস মোল্যা নামে দুইজন আহত হয়েছে। #