• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২১, ১৪:৫৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: তানভীর (১৮) ও মো: আব্দুল বাসেত (১৮) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে সিফাতুল ইসলাম (১৮) নামে আরও এক ছাত্র আহত হয়।

আজ বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর ঢাকা-খুলনা চেচানিয়াকান্দিতে এ দূর্ঘটনা ঘটে। হতহতরা তিন বন্ধু।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মো: সাইদুজ্জামান জুয়েল নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা শহরের মোহাম্মাদপাড়া এলাকার এমদাদুল হক লিটনের ছেলে মো: তানভীর (১৮) ও হীরাবাড়ী রোড এলাকার মো: আব্দুল বাসেত (১৮)। এ ঘটনায় শহরের হীরাবাড়ী রোড এলাকার সিরাজ মোল্লার ছেলে সিফাতুল ইসলাম (১৮) আহত হয়েছেন।

হতাহতরা গোপালগঞ্জ শহরের লালমিয়া সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। নিহত আব্দুল বাসেত ও আহত সিফাতুল শহরের হীরাবাড়ী রোড এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন।

ওসি মো: মনিরুল ইসলাম জানান, হতাহত তিন বন্ধু মোটর সাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে শহরের দিকে আসছিলেন। এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা চেচানিয়াকান্দি এলাকায় পৌঁছালে খুলনাগামী মালবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মো: তানভীর নিহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো: আব্দুল বাসেতকে মৃত ঘোষণা করেন। তবে, ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। #