মাসুদ রেজা ফয়সাল
বামনা ( বরগুনা) প্রতিনিধি।
অভিযান ১০ ট্রাজেডির পর থেকে এখনো সন্ধান মেলেনি ওই লঞ্চে চিকিৎসা শেষে ফিরে আসা বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের হামিদ হাওলাদারের(৭০) । তিনি তাঁর স্ত্রী, মেয়ে ও জামাই এই চারজন বাড়িতে ফিরছিলেন। সকলে মৃত্যুকূপ থেকে ফিরে আসলেও এখনো সন্ধান মেলেনি বৃদ্ধ হামিদ হাওলাদারের। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসা নিখোঁজ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম(৬০) জানান, চিকিৎসা শেষে তারা ৪ জন বাড়তে ফিরছিলেন। লঞ্চটির প্রথম তলায় ডেকে ইঞ্জিন রুমের পাশেই তারা বিছানা করে ছিলেন। রাতে ইঞ্জিন রুমে আগুন লাগার সাথে সাথে তারা সবাই একসাথে জড়ো হয়। কিছুসময়ের মধ্যে সমগ্র লঞ্চটির লাইট বন্ধ হয়ে গেলে তারা দিকবেদিক ছুটাছুটি করতে থাকেন। একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সবাই। ধোঁয়া ও আগুন সমগ্র লঞ্চে ছড়িয়ে পড়লে তারা যে যার মতোন করে ঝাঁপ দেন নদীতে। বৃদ্ধ মইফুল বেগমের বোরখায় আগুন লেগে গেলে তিনিও ঝাপিয়ে পড়ে প্রাণে বাঁচেন। তবে স্বামী হামিদ হাওলাদারের কোন সন্ধান পাননি তিনি। পরে বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মেয়ে ও জামাইকে পায়। কিন্তু অদ্যবধি হামিদ হাওলাদার নিখোঁজ রয়েছেন।