• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-বরিশালের ম্যাচ দিয়ে শুরু সিলেট পর্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৯:৩৩ পূর্বাহ্ণ
কুমিল্লা-বরিশালের ম্যাচ দিয়ে শুরু সিলেট পর্ব

ডেস্ক নিউজ ঃ
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন পুণ্যভূমি সিলেটে। ছয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাক্কাতুরা এলাকায় প্রকৃতির কোলে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সোমবার উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রেসবক্স থেকে পেছনে তাকালেই আয়রন ব্রিজ। সেখান গিয়ে দু’চোখ মেলে দিলে ধরা দেয় আরেক সবুজের সমারোহ। গ্রাউন্ড-টু-ও যেন ‍দৃষ্টিনন্দন সবুজ গালিচা। এখানেই সিলেট পর্ব শুরুর আগে সবগুলো দল নিজেদের প্রস্তুতি সেরেছে। মাঠের সেন্টার উইকেট থেকে সৌম্য-তামিম-মোসাদ্দেকরা একের পর এক বিগ শট খেলেছেন। অনুশীলন দেখতে আসা সাংবাদিকদের বেশিরভাগ বল কোথায় যায়, সেটি নিয়েও সতর্ক থাকতে হয়েছে। নিয়মিত নতুন স্টেডিয়ামের করিডোরে চিৎকার শোনা গেছে- ‘ওয়াচ, ওয়াচ, ওয়াচ…।’ যারা নিয়মিত ক্রিকেট অনুশীলন দেখেন, তাদের কাছে ‘ওয়াচ’ শব্দটা খুব পরিচিত। ক্রিকেটারদের ব্যাট থেকে আসা বলে উপস্থিত সবাইকে সতর্ক করতে এমন শব্দ চয়ন। রবিবার পুরোটা দিনেই বিপিএলের ছয় দলের ব্যাটাররা স্লগ অনুশীলনে বাড়তি মনোযোগ দিয়েছেন। বোঝাই যাচ্ছে সিলেটে চার-ছক্কার ফুলঝুরি ফুটবে।

ঢাকায় শেষ দিন বৃষ্টিতে দুটি ম্যাচ পণ্ড হয়েছিল। সিলেটে অবশ্য সেই সম্ভাবনা নেই। গুমোট ভাব থাকলেও আবহাওয়া রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে পুরোদমে ক্রিকেটীয় উন্মাদনা থাকবে তা বলাই যায়। সব মিলে চমৎকার সহনীয় আবহাওয়া। ঠিক এমন সময় সুফি-সাধক, পুণ্যাত্মা হযরত শাহজালাল (রঃ) ও শাহ পরানের (রঃ) পুণ্যভূমি সিলেটবাসী ক্রিকেট জ্বরে আক্রান্ত। দর্শকটা মাঠে খেলা দেখতে না পারলেও টিভি পর্দায় দারুণ ক্রিকেট উপভোগ করবেন বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।

স্বাগতিক দল সিলেট সানরাইজার্স এখানে তিনটি ম্যাচ খেলবে। সোমবার প্রথম ম্যাচ খুলনার বিপক্ষে। পরের দুটিতে প্রতিপক্ষ বরিশাল ও কুমিল্লা। ৬ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া সিলেটের প্লে’ অফে উঠার সম্ভাবনা কাগজে-কলমে টিকে থাকলেও বাস্তবে কঠিন।

সোমবার পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ম্যাচ দিয়ে এখানে টি-টোয়েন্টি উন্মাদনা শুরু হবে। ৬ ম্যাচে ৪ জয় নিয়ে ৯ পয়েন্ট কুমিল্লার। তারা রয়েছে শীর্ষে। বরিশালেরও সমান ৯ পয়েন্ট। তবে তারা ম্যাচ খেলেছে একটি বেশি।

কুমিল্লা-বরিশালের ম্যাচে স্পিনারদের লড়াই হবে সমানে সমান। তবে কুমিল্লা তারকা মঈন আলী মনে করেন, এই লড়াইয়ে যারা ব্যাটিংটা ভালো করতে পারবে তারাই জিতবে, ‘স্পিন বোলিং তো এখানে সব সময় বড় ভূমিকা রাখবে। স্পিন যারা বেশি ভালো খেলবে, তারাই ম্যাচ জিতবে। এই অঞ্চলে স্পিনাররাই বিপজ্জনক। তবে স্পিনারদের আক্রমণও করতে হবে। যে দল ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করবে, তারা ম্যাচ জিতবে। মনে হচ্ছে, মাঝারি রানের খেলা হবে। খুব বড় স্কোর নয়, খুব কমও নয়।’ পাশাপাশি বরিশালে খেলা ক্যারিবীয় দুই ক্রিকেটার ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোদের বিপক্ষেও খেলতে মুখিয়ে আছেন মঈন, ‘গেইল এখনও টপ ক্রিকেটার। খুবই বিস্ফোরক, বিপজ্জনক। তাকে দমিয়ে রাখতে, দ্রুত আউট করতে চাইবে সবাই। সাকিব অসাধারণ রকম ভালো খেলছে, ভালো ফর্মে আছে। তাকে দ্রুত আউট করতে হবে এবং তার বোলিংয়ে ভালো খেলতে হবে। ব্রাভো খুবই অভিজ্ঞ, চেন্নাইয়ে একসঙ্গে খেলেছি। আশা করি, আমরা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারব।’

অপর দিকে ম্যাচ জিতলেও ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তায় ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট। টপ অর্ডারে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও সাফল্য মিলছে না। বরিশালের ব্যাটিং উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, সমস্যা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। তার আশা, দ্রুততম সময়ের মধ্যেই দলটির টপ অর্ডার রানে ফিরবে।