• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নিলাম ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২২, ১৩:৩১ অপরাহ্ণ
মির্জাগঞ্জে নিলাম ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপ্তরির বিরুদ্ধে নিলাম দরপত্র ছাড়াই বিদ্যালয়ের পুরাতন ভবনের মালামাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, ওই বিদ্যালয়টির নতুন ভবনের কাজ চলমান রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ম নীতির তোয়াক্কা ও সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত না করেই নিলাম ছাড়াই ওই বিদ্যালয়ের পুরাতন ভবনের রড, টিন ও লোহার এ্যাঙ্গেলসহ অর্ধ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল দপ্তরি মো. মেহেদী হাসানের সহায়তায় স্থানীয় বাজারের সাগর ওয়ার্কশপ এবং মনির ভাঙ্গারির দোকানে বিক্র করেন।

সরেজমিনে দেখা যায়, পুরাতন ভবনের কিছু ইট বিদ্যালয়ের মাঠে পড়ে থাকলেও রড, টিন এবং লোহার এ্যাঙ্গেলসহ অন্যান্য মালামালের হদিস নেই। তবে স্থানীয় দেউলী বাজারের সাগর ওয়ার্কশপে কিছু রড এবং লোহার এঙ্গেল দেখা যায়।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের দপ্তরী পুরাতন রড ও এ্যাঙ্গেলসহ বিভিন্ন মালামাল ভাঙ্গারির দোকানে এবং ওয়ার্কশপে নিয়ে যেতে দেখেছি।

সাগর ওয়ার্কশপের মালিক মো. সাগর বলেন, আমি বিদ্যালয়ের পুরাতন কিছু লোহার এঙ্গেল কিনেছি। রড ও টিনসহ অন্যান্য মালামাল মনিরের ভাঙ্গারির দোকানে বিক্রি করেছেন।
মনির ভাঙ্গারির দোকানের মো. বাহার বলেন, আমাদের কাছে বিদ্যালয়ের রড ও টিনসহ পুরাতন কিছু মালামাল বিক্রি করেছেন। অন্যান্য মালামাল বাহিরে বিক্রি করেছেন।

বিদ্যালয়ের দপ্তরি মো. মেহেদী হাসান বলে, আমি বিদ্যালয়ের কোন মালামাল বিক্রি করিনি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলশী রানী বলেন, এ সম্পর্কে আমি কিছু জানিনা। এগুলো ষড়যন্ত্র করা হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মু: জাহিদ উদ্দিন জানান, নিলাম ছাড়া বিদ্যালয়ের মালামাল বিক্রি কোন সুযোগ নেই। পরিদর্শনে এর সত্যতা মিললে অবশ্যই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
#