• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবি-তে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২২, ১৭:৫৭ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবি-তে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে ৭ম দিনে আগামীকাল বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা৷

আজ বুধবার (২ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষনা দেন শিক্ষার্থীদের মুখপাত্র বাংলা বিভাগের মাস্টার্স-এর ছাত্র আব্দুল্লাহ আল রাজু।

সংবাদ সম্মেলনে “আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবীসমূহ মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করারও ঘোষনা দেয়া হয়।”

এসময় শিক্ষার্থীরা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও উপাচার্যের উপর অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিসহ শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নিকট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানান।

এর আগে, বিকাল ৬টায় ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী নাটক এবং সন্ধ্যা ৭টায় সন্ত্রাস বিরোধী মশাল মিছিল কার্যক্রম অনুষ্ঠিত হয়৷
প্রসঙ্গত, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। বিচার চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হন। #