স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ৪ আসামীর দুই দিন করে ডিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকালে গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির এই আদেশ দেন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলো, অন্তর জোমাদ্দার, জীবন জোমাদ্দার, পিয়াস সিকদার ও ফরিদ। এরা সবাই গোপালগঞ্জ জেলা শহরের নবীনবাগ ও আশপাশ এলাকার বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা শীতল চন্দ্র পাল বলেন, গত ২৩ ফেরুয়ারী রাতে শহরের নবীনবাগ এলাকার হেলিপ্যাড সংলগ্ন নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বারান্দায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিত্বে পরের দিন ২৪ ফ্রেব্রুয়ারী রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে।
পরদিন ২৫ ফেব্রুয়ারী ৭ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করা হলে ওইদিন বিজ্ঞ বিচারক গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং আজ বৃহস্পতিবার বিকালে এই চার আসামীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ২৫ ফেব্রুয়ারী রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় আরো ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। ২৭ ফেব্রুয়ারী র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ছয় জনকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে জেল হাজতে পাঠানো হয়। #