।
মোঃআশিকুর রহমান
ফুলবাড়ি (দিনাজপুর)৷ প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়ী- বড়পুকুরিয়া কয়লাখনি সড়কের মহেশপুর নামক এলাকায় মোটর সাইকেলের সাথে ভটভটি (ট্রলি)’র মুখোমুখী সংঘর্ষে দিবাকর মহন্ত (৩০) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত দিবাকর মহন্ত পার্বতীপুর উপজেলার দক্ষিণ বাসুপাড়া গ্রামের বিমল চন্দ্র মহন্তের ছেলে।
নিহতের কাকা শয়ন চন্দ্র মহন্ত বলেন, ‘শনিবার দুপুর সাড়ে ১২টায় কয়লাখনি হতে মোটর সাইকেল যোগে ফুলবাড়ী অভিমুখে আসছিল দিবাকর মহন্ত। মহেশপুর গোল চত্ত্বরের নিকট সম্ভবত ফুলবাড়ী থেকে কয়লাখনি অভিমুখী দ্রুত গতির একটি ভটভটির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ভটভটি দ্রুত চলে যায়। নিহত দিবাকর বড়পুকুরিয়া ২৩০/১৩২কেভি গ্রিড উপকেন্দ্রে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত এবং ৩ মাস বয়সী কন্যার জনক ছিলেন বলেও জানান তিনি।’
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত রফিকুল ইসলাম বলেন, ‘দুপুর ১টা ২০মিনিটে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।’
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাফিউল আযম সাগর বলেন, ‘দূর্ঘটনাস্থল পার্বতীপুর উপজেলায় হলেও ফুলবাড়ী হাসপাতালে লাশ থাকায় দায়িত্ব পালন করছি। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।