• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২২, ১৫:২১ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১

বামনা(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধের কারণে এক পান ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা
করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই পান ফেরিওয়ালা উপজেলার মধ্য আমতলি
গ্রামের মৃত. আ. আজিজ এর ছেলে মো. আবু সালাম(৫০)। তিনি উপজেলার
বিভিন্ন হাটে-বাজারে খিলকী পান ফেরি করে বিক্রি করতেন।
এ ঘটনায় গত শনিবার রাতে বামনা থানায় নিহত ওই ফেরিওয়ালার ভাই মো. শুকুর
মিয়া বাদী হয়ে বামনা থানায় অভিযুক্ত প্রতিবেশী মৃত.কদম আলীর পুত্র আব্দুল ওহাব
আলী(৭০) কে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আজ রবিবার বেলা ৩টায় এ ঘটনায় অভিযুক্ত মো. ওহাব আলীকে কাঠালিয়া
উপজেলার আমুয়া বন্দর থেকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।
মামলা ও স্থানীয়সূত্রে জানাগেছে, গত ৪ মার্চ শুক্রবার বিকালে জমি নিয়ে
বিরোধের জেরে পান বিক্রেতা আবু সালামের সাথে প্রতিবেশী ওহাব আলীর
কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ওহাব আলী
মাটি কাটার কোদাল দিয়ে সালামের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়
তাকে তাৎক্ষনিক বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে
উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠায়
চিকিৎসকরা। সেখানে টানা ৮দিন চিকিৎসা শেষে গত শনিবার সন্ধ্যায় তিনি
মারা যান। আজ সকালে ময়নাতদন্ত শেষে তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসেন
স্বজনরা।
বামনা থানার অফিসার ইনচার্জ বশিরুল আলম বলেন, গত শনিবার রাতে
থানায় মামলা হওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা
চালিয়ে আজ দুপুরে কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।