স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মুজিব বর্ষের জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, আমরা মনে করি টুঙ্গিপাড়া হচ্ছে বাংলাদেশের সকলের গ্রাম। কারন বঙ্গবন্ধু হচ্ছে বাঙ্গালীদের সেই আরাধ্য পুরুষ, যার মাধ্যমে বাঙ্গালী পৃথিবীতে প্রথম তার রাষ্ট্র পেয়েছে, বাঙ্গালীরা তাদের আত্মপরিচয় পেয়েছে। তাই “টুঙ্গিপাড়া-হৃদয়ে পিতৃভূমি” এই থিমকে সামনে নিয়ে নানা কর্মসূচী পালন করতে যাচ্ছি।
আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের ১নং গেটের সামনে সাংবাদিকদেরকে মুবিবর্ষের সমাপনি অনুষ্ঠানের কর্মসূচী বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা জাতির পিতার প্রতি বাংলাদেশের মানুষ শ্রদ্ধা জানাতে চাই। ১৭ মার্চর আলোচনা সভা ছাড়াও ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ লোকজমেলার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
এ সময় আসাদুজ্জামান নূর এমপি, ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর রহমান উপস্থিত ছিলেন। #