মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে পার্শ্ববর্তী বাড়ির পুকুর থেকে সাবিত্রী রানী (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়।
গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের বাসন্ডা গ্রামের হোসেন হাওলাদার বাড়ির পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত রাখাল চন্দ্র হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবিত্রী রানী মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন যাবৎ
বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াতো। গত রবিবার রাতে তার বাড়ির পার্শ্ববর্তী হাওলাদার বাড়িতে একটি গানের অনুষ্ঠানে যায়। পরে রাতে সে বাসায় না ফিরলে সকালবেলা স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী হোসেন হাওলাদার বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে। নিহতের ছেলে মির্জাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।